
নিউজ ডেস্কঃ বেক্সিমকো গ্রুপের ঋণ পুনঃতফসিল নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিবৃতির বিষয়ে সংস্থাটির চেয়ারপারসনকে চিঠি দিয়েছেন গ্রুপটির চেয়ারম্যান এএসএফ রহমান। টিআইবির বিবৃতিতে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে ‘আপত্তিকর, ইঙ্গিতপূর্ণ ও অনভিপ্রেত’ মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। রোববার (১৪ সেপ্টেম্বর) টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সুলতানা কামালের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘১৩ সেপ্টেম্বর গণমাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতি ও ১৪ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংস্থাটির নির্বাহী পরিচালকের একটি বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। বেশ কিছু আপত্তিকর অভিযোগের পাশাপাশি, দ্য ডেইলি স্টারে টিআইবি নির্বাহী পরিচালকের একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে: “ঋণ পুনঃতফশিলিকরণের সুবিধা গ্রহণের মাধ্যমে একদল লুটেরা আইনপ্রণেতা হওয়ার সুযোগ পেয়ে গেছে।” টিআইবি’র বিবৃতিতে যেহেতু বেক্সিমকো গ্রুপের অনুকূলে ঋণ পুনঃতফশিলিকরণের একটি ঘটনা প্রাধান্য পেয়েছে, সেহেতু এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, নির্বাহী পরিচালক ওই মন্তব্য করেছেন আমাদের গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে উদ্দেশ্য করে, যিনি গত নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।’