
নিউজ ডেস্কঃ ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সব পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কিন্তু দেশের উপজেলা পর্যায়ের হেলথ কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের অর্ধেকের বেশি পদ খালি থাকে। যারা কর্মরত থাকেন তাদের একটি বড় অংশ এখনও কর্মস্থলে অনুপস্থিত থাকেন’। এই পরিস্থিতিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদাত হোসাইন মাহমুদ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিউচার অব হেলথ ইনস্যুরেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
ড. মো. শাহাদাত হোসাইন মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। সংশিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের স্বাস্থ্যখাতে মোট বাজেটের ৪ দশমিক ৯ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে। যা জিডিপির (মোট দেশজ উৎপাদন) শুন্য দশমিক ৯ ভাগ। স্বাস্থ্য বিভাগের ৬৭ ভাগই রোগীদের পকেট থেকে ব্যয় করতে হয়। এর ফলে বছরে ৩ দশমিক ৪ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়।