
নিউজ ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর আগামী মাসের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ভারত সফর করবেন। শেখ হাসিনার এ ভারত সফরের মুল উদ্দেশ হল, ৩-৪ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধীন ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগদান করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর এ সামিটে বক্তব্য রাখবেন। সম্মেলনের থিম হল- ‘ইনোভেটিং ফর ইন্ডিয়া, স্ট্রেংথেনিং সাউথ এশিয়া, ইম্প্যাক্টিং দ্য ওয়ার্ল্ড।’ প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। তবে শেখ হাসিনার ভারত সফরকাল দিপাক্ষিক কোন বিষয় অধিক গুরুত্ব পাবে সে সম্পর্কে এখনই কিছু প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন। ওই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কিছু চুক্তি সই হয়েছে। এবার ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগদানের সুযোগে ভারতের নেতাদের সঙ্গে বৈঠক এবং সেখানে নতুন কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বরাবরই দুই বড় প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর দৃশ্যত সেই ধারাবাহিকতার অংশ।