
নিউজ ডেস্কঃ চোরাচালানের অভিযোগে আটক ১৫ মণ স্বর্ণ ফেরত চায় আপন জুয়েলার্স। এ জন্য তারা অভিনব কারসাজির পথ বেছে নিয়েছে। সদ্য পাস হওয়া স্বর্ণ নীতিমালার ফাঁকফোকর দিয়ে আটক স্বর্ণ ছাড়িয়ে নিতে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি এগিয়েছে অনেকদূর। বিদ্যমান স্বর্ণ নীতিমালা অনুযায়ী অবৈধভাবে আমদানি করা স্বর্ণ বৈধ করার সুযোগ রয়েছে। প্রথমবারের মতো নীতিমালাটি গত বছর অক্টোবরে জারি করা হয়। স্বর্ণ ব্যবসা খাতে দীর্ঘদিনের নৈরাজ্য বন্ধে এ নীতিমালা প্রণয়ন করা হয়। সেখানে প্রতি ভরিতে এক হাজার টাকা আয়কর দিয়ে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ সুযোগ কাজে লাগিয়ে এ বছর কয়েক হাজার ব্যবসায়ী তাদের বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ বৈধ করেছেন। বিষয়টি অনেকটা কালো টাকা সাদা করার মতো।
এদিকে সংশ্লিষ্ট কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নীতিমালার এ সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি কোনো সংস্থার হাতে জব্দকৃত স্বর্ণ বৈধ করার সুযোগ নেই। এছাড়া আপন জুয়েলার্সের যে ১৫ মণ স্বর্ণ জব্দ করা হয়েছে সেটি নিয়ে রীতিমতো অর্থ পাচারের মামলাও চলমান। অপরদিকে নীতিমালা কার্যকর হওয়ার আগেই আপন জুয়েলার্সের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা। তাই আইন ও নীতিগতভাবে এটি আদৌ সম্ভব নয়। কেউ আইনি চ্যালেঞ্জ করলে বিষয়টি যতদূর এগিয়েছে, ততদূর পিছিয়ে যাবে।