
নিউজ ডেস্কঃ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন শোভন-রাব্বানী। নতুন করে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে। সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এদিকে কমিটি ভেঙে দেওয়ার গুঞ্জনের পর অনেকটাই একঘরে হয়ে পড়েছিলেন শোভন-রাব্বানী।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সহযোগিতা করার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগ করা সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। গতকাল শনিবার রাতেই নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়কে শুভেচ্ছা জানিয়েছেন শোভন। রেজওয়ানুল হক চৌধুরী শোভন গণমাধ্যমকে জানিয়েছেন , দেশরত্ন শেখ হাসিনা আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করেছিলাম সেটি সঠিকভাবে পালন করতে। তবে আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, আবার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রও ছিল। আমার জায়গা থেকে আমি নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে সহযোগিতা করব । আর ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমি আসলে কী প্রতিক্রিয়া দিব বুঝতে পারছি না। তবে, নেত্রী আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেটি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। আশা করছি সংগঠনকে সঠিকভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা পাব।