
নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে ২৬ হাজার ল্যাপটপসহ তথ্যপ্রযুক্তিসামগ্রীর ক্রয় পদ্ধতি নিয়েই বিতর্ক শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব সামগ্রী কিনতে আগ্রহী। এ লক্ষ্যে গণশিক্ষা মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগও করছে। এদিকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) কেনাকাটায় আগ্রহী বেসরকারি সরবরাহকারীরা। এ নিয়ে বেসরকারি সরবরাহকারীরা কয়েক দফা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে লিখিতও দিয়েছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদের বলেন, এর আগে বহুবার ওটিএমে ল্যাপটপ কেনা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার সরকারি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়ার চিন্তা আছে। কেননা, কোনো সামগ্রীই আমাদের দেশে তৈরি হয় না। সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানই আমদানি করেই পণ্য সরবরাহ করে। তাছাড়া কেনাকাটায় সরকারি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুশাসন আছে। ফলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করে কেনাকাটার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই প্রক্রিয়া শুরু হবে।