
নিউজ ডেস্কঃ প্যারিসে মোবাইল ফোনে ছবি তোলায় এক প্লাম্বারকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের রাজকন্যা হাসা বিনতে সালমান। এ অভিযোগে তাকে ১০ মাসের স্থগিত কারাদণ্ড ও ১০ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের এক আদালত। ঘটনায় জড়িত রাজকন্যার দেহরক্ষীকেও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে ও যুবরাজ মোহাম্মদের বোন হাসা বিনতে সালমান প্যারিসে তার বিলাসবহুল ফ্ল্যাটে প্লাম্বার আশরাফ আইদকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন। আইদের অপরাধ তিনি বিনা অনুমতিতে ছবি তুলেছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে ৪৩ বছর বয়সী রাজকন্যা তার দেহরক্ষীকে বলেন আইদকে বেঁধে পেটাতে। এরপর তাকে হাত-পা বেঁধে কিল-ঘুষি মারা ও মোবাইল ফোনসেট ভেঙে ফেলা হয়। পেটানোর সময় রাজকন্যা হাসা চিৎকার করে বলতে থাকেন, ‘কুকুরটাকে মেরে ফেল, ওর বেঁচে থাকার অধিকার নেই।’