
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মরহুম এম আব্দুর রহিম একজন শিক্ষানুরাগী ছিলেন। যার প্রমাণ পাওয়া যায় তার নিজের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা দেখে। মরহুম এম আব্দুর রহিমের জীবন থেকে আমাদের অনেক শেখার আছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দিনাজপুরে আইসিটি পার্ক করার কাজ হাতে নিয়েছে। ইতোমধ্যে দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের চিন্তা-ভাবনা থেকে এ অর্থনৈতিক অঞ্চল করছেন।
তিনি বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল চালু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে। যা দিনাজপুরের অর্থনীতিকে আরও অনেক বেশি বেগবান করবে। বর্তমান সরকার ১৬ কোটি টাকা ব্যয়ে ২টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। দেশের মধ্যে দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে ইতোমধ্যে খ্যাতি পেয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এখানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা দেশের একটি স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকারের সহায়তায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম এম আব্দুর রহিমের ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।