
নিউজ ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য সিনিয়র সচিব এসএম গোলাম ফারুকের শপথ আগামী রোববার (১৫ সেপ্টেম্বর)। ওইদিন বিকেল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সই করা এক স্মারকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এসএম গোলাম ফারুকের অবসরোত্তর ছুটি বাতিলসহ অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) এক আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তার দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত জনস্বার্থে পিএসসির সদস্যপদে সানুগ্রহ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য রয়েছেন।