News71.com
 Bangladesh
 12 Sep 19, 12:29 PM
 129           
 0
 12 Sep 19, 12:29 PM

শীঘ্রই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা আসছে॥

শীঘ্রই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা আসছে॥

নিউজ ডেস্কঃ শীর্ষনেতাদের বিতর্কিত কর্মকাণ্ড ও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি'র ঘোষণা আসছে শিগগিরই। এসব অভিযোগের মধ্যে রয়েছে বিতর্কিতদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া, অর্থের বিনিময়ে বিরোধী মতাদর্শীদের সংগঠনে অনুপ্রবেশ ঘটানো, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অগ্রাহ্য করা, দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, নিয়মিত মধুর কেন্টিনে উপস্থিত না হওয়া, মাদক সেবন, টেন্ডার ও তদবির বাণিজ্য এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের যৌথসভায় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরেন দলের কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের বর্তমান কমিটির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতাদের সমালোচনার একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেন প্রধানমন্ত্রী।

ওই সময় ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরক্তিও প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যৌথসভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে অপেক্ষা করছিলেন। আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতা তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করার পরামর্শ দিলেও তারা যাননি। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের চলে যেতে বললে তারা গণভবন থেকে বেরিয়ে যান। ইতোমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গণভবনের প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এরপরও সর্বশেষ গত সোমবার গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। যদিও এ সময় প্রধানমন্ত্রী তাদের বকাঝকা করেন। উল্লেখ্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৯৯ জনকে বিতর্কিত-অযোগ্য দেখিয়ে তালিকা প্রকাশ করে অবমূল্যায়ন করা সংগঠনের নেতাকর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বরং ছাত্রলীগের শীর্ষনেতার সাম্প্রতিক কর্মকাণ্ড উসকে দেয় নতুন বিতর্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন