
নিউজ ডেস্কঃ নাম না জানা একটি ‘নতুন সাপ’ পাওয়া গেলো শ্রীমঙ্গলে। স্থানীয় কলার আড়তে এমন একটি সাপ পাওয়া গেলো যার নাম ও পরিচয় এখনও সুস্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী গবেষকরা রীতিমতো উদ্বিগ্ন এ সাপটির সঠিক পরিচিতি নিয়ে। কেউ বলছেন বিষধর কোবরা বা গোখরা প্রজাতির। আবার কেউবা বলছেন ঢোঁড়া প্রজাতির সাপ হতে পারে এটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাপটি কলার আড়ত থেকে উদ্ধার করে আনেন শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব।
মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, সাপটি স্থির হয়ে বসে রয়েছে একটি প্লাস্টিকের বড় কন্টেইনারে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৪০ সেন্টিমিটার। কন্টেইনারের বাইরের দিক থেকে আঙুলের কয়েকটি টোকা দেওয়ার পর কিছুটা নড়েচড়ে উঠতে দেখা যায়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন সাপটির পরিচিতি তুলে ধরে বলেন, সাপটি ছোট আকারের। আমার ধারণা এটি কিং কোবরা বা গোখরার ছানা হবে। এর গলার নিচের দিকে হালকা হলুদ রঙের আভা রয়েছে।