
নিউজ ডেস্কঃ নদী, খাল ও বিল দেশ থেকে হারিয়ে যাচ্ছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল বলেছেন, এভাবে হারিয়ে গেলে নদী, খাল ও বিল দেখতে একসময় জাদুঘরে যেতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম বিভাগীয় সুইমিংপুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আ জ ম নাছির উদ্দীন, যুব ও ক্রীড়া সচিব ড. মো. জাফর উদ্দীন।
মো. জাহিদ আহসান রাসেল বলেন, সুইমিংপুল তৈরি করা বড় বিষয় নয়। এর রক্ষণাবেক্ষণ করা সবচেয়ে বড় বিষয়। বিভিন্ন জেলায় পরিদর্শনে গিয়ে সুইংমিংপুলের করুণ অবস্থা দেখেছি। আশা করছি চট্টগ্রামের এই সুইমিংপুল সারা বছর রক্ষণাবেক্ষণে থাকবে। তিনি বলেন, সুইংমিংপুলে সাঁতার শেখার মাধ্যমে একজন শিশু তার নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ আমাদের দেশে পুকুরে, খাল ও বিলে ডুবে অনেক শিশু ও মানুষ মারা যায় শুধু সাঁতার না জানার কারণে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী চট্টগ্রামের বিভাগীয় সুইমিংপুল উদ্বোধন করেন।