
নিউজ ডেস্কঃ পিরোজপুরে কিশোর গ্যাং রোধে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৯২ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলা জুড়ে এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা রেখে শহরের বিভিন্ন স্থানে রাতে আড্ডা দেয় সেখান থেকে যেন কোনো অপরাধ সংগঠিত হতে না পারে এবং একই সঙ্গে জেলার কোনো থানায় যেন কোনো কিশোর গ্যাং লিডার সৃষ্টি হতে না পারে সেই লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, অভিযানকালে পুলিশ স্কুল ও কলেজ পড়ুয়া ৯২ জনকে আটক করেছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলা থেকে ৩০ জন, নাজিরপুর থেকে ২২ জন, ভান্ডারিয়া থেকে ১৭ জন, মঠবাড়ীয়া থেকে ৮ জন, ইন্দুরকানী থেকে ১ জন, কাউখালী থেকে ৪ জন এবং নেছারাবাদ থেকে ১০ জনসহ মোট ৯২ জনকে আটক করা হয়। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গ্যাং কালচার অপরাধের একটি নতুন মাত্রা। কিশোর অপরাধীরা বিভিন্ন ক্ষেত্রে বড় বড় অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে স্কুল/কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা রাতে বিভিন্ন স্থানে সংঘটিত হয়। পড়াশোনা রেখে রাতে বাইরে কেউ আড্ডা দিতে পারবে না। পিরোজপুর জেলায় কোনো কিশোর গ্যং লিডার সৃষ্টি হতে দেওয়া হবে না। তাই এ অভিযান অব্যাহত থাকবে।