
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ‘সফল রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদে আনা শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব সংসদে উত্থাপন করেন। শোক প্রস্তাবে বলা হয়েছে, এই সংসদ প্রস্তাব করছে যে, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। শোক প্রস্তাবটি উত্থাপনের পর তার কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুণ্ণু, মো. ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, আহসান আদিলুর রহমান, পীর ফজলুর রহমান, নাজমা আখতার ও তরিকত ফেডারেশনের মুজিবুল বশর মাইজভান্ডারী। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়। বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ ব্যক্তিজীবনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কোনো ভুল-ত্রুটি করলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, অসম্ভব জনপ্রিয়, বিনয়ী ও জনদরদী নেতা ছিলেন এইচএম এরশাদ। একজন স্ত্রীর পক্ষে স্বামীর শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ অত্যন্ত কষ্টের, বেদনার। দেশের মানুষকে তিনি অসম্ভব ভালোবাসতেন, সত্যিকারের পলীবন্ধু ছিলেন।
আমির হোসেন আমু তার ১৭ সেকেন্ডের বক্তব্যে বলেন, দোষে-গুণে মানুষ। এ মুহূর্তে তাকে (এরশাদ) নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মানুষ মরণশীল, আমাদেরও একদিন চলে যেতে হবে। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ পাকিস্তান সেনাবাহিনী থেকে ’৭৩ সালে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু তাকে মেজর থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত পদোন্নতি দিয়েছেন। তার ক্ষমতা গ্রহণের সময় আমাদের মধ্যে মত-পথের পার্থক্য ছিল। আমরা তার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, তবে ব্যক্তিগতভাবে তিনি (এরশাদ) অত্যন্ত বিনয়ী ও নরম হৃদয়ের সজ্জন মানুষ ছিলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এইচএম এরশাদ অত্যন্ত মৃদুভাষী নেতা ছিলেন। নিজ জেলা রংপুরের প্রতি তার মমত্ববোধ দেখেছি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে। বিরোধী দলের নেতা থাকাকালেও জাতির পিতা বঙ্গবন্ধুকে অসম্ভব শ্রদ্ধা করতেন তিনি।