News71.com
 Bangladesh
 09 Sep 19, 02:06 PM
 92           
 0
 09 Sep 19, 02:06 PM

এরশাদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন ॥ মীর্জা ফখরুল

এরশাদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন ॥ মীর্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, (জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান) হুসেইন মুহম্মদ এরশাদকে সঙ্গে নিয়েই শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এবং তাদের গৃহপালিত বিরোধীদল বানিয়েছেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ফখরুল একথা বলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদের জন্য শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া। এ কারণেই তিনি খালেদা জিয়াকে শুধু দু’টি বাড়িই নয়, নগদ ১০ লাখ টাকাসহ অনেক সুযোগ-সুবিধা দিয়েছিলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সংসদে এ ধরনের অসত্য কথা প্রায়ই বলেন। যে কথার কোনো ভিত্তি নেই। ইতিহাস সাক্ষ্য দেয় না। বরং সত্য হচ্ছে এটাই একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে এরশাদ যখন রাষ্ট্রক্ষমতা দখল করেন, তখন তিনি (শেখ হাসিনা) ভারত সীমান্তে বলেছিলেন, আই অ্যাম নট আনহ্যাপি, অর্থাৎ তিনি অখুশি নন। পরবর্তীকালে তার কাজ দেখেই আমরা বুঝতে পারি, তিনি এরশাদকে সঙ্গে নিয়েই এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, মানুষের অধিকারকে কেড়ে। মির্জা ফখরুল বলেন, আজকে খালেদা জিয়াকে মুক্ত করার, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার শপথ নিয়েছে মহিলা দল। আমরা আশা করি সম্মিলিত আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে মুক্ত করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন