
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে শুরু থেকেই অধিক গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এ কারণে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। শিক্ষাখাতে এসব অনিয়ম-দুর্নীতি নির্মূল করা হবে। রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সরকার ও শিক্ষা সাংবাদিকদের উদ্দেশ্য একটাই। আমরা সবাই আলোচনা ও সমালোচনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করি। কিন্তু কিছু গণমাধ্যমের সংবাদ আমাদেরকে বিব্রত করে, কেননা এসব সংবাদের কোনো ভিত্তি থাকে না।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আগের চেয়ে সাক্ষরতার হার বেড়েছে, শিক্ষায় শৃঙ্খলা ফিরে এসেছে। শিক্ষার গুণগতমানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, দেশে সাক্ষরতার হার আগের তুলনায় বেশ বেড়েছে। গণমাধ্যমকর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।