
নিউজ ডেস্কঃ দেশের কোথাও যেন ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে, সেজন্য তৎপর থাকতে জেলা পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংকালে এ নির্দেশনা প্রদান করেন তিনি। আইজিপি বলেন, গ্যাং কালচারের নামে শিশু-কিশোরদের নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। দেশের কোথাও যেন এ ধনের গ্যাং কালচার গড়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে তৎপর থাকতে হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা কঠিন। অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। এজন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কাজ করতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়ে পুলিশ প্রধান বলেন, জনগণ বিপদে পড়ে অসহায় অবস্থায় পুলিশের কাছে সাহয্যের জন্য আসে। থানায় আসা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সমস্যা ও অভিযোগের কথা গুরুত্ব দিয়ে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। থানা হবে জনগণের আস্থার জায়গা। এ সময় অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্তি আইজিপি শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।