News71.com
 Bangladesh
 09 Sep 19, 11:13 AM
 94           
 0
 09 Sep 19, 11:13 AM

রেলওয়ের প্রয়োজনে অবৈধ দখল উচ্ছেদ করা হবে ।। রেলমন্ত্রী

রেলওয়ের প্রয়োজনে অবৈধ দখল উচ্ছেদ করা হবে ।। রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনে অবৈধভাবে দখল করা জমি, কোয়ার্টার এবং বাংলো থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। সে সঙ্গে সব রেলওয়ের ভূ-সম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে। পরবর্তীকালে এগুলো শৃঙ্খলার মধ্যে আনার ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন একথা বলেন। মন্ত্রী বলেন, এবার উচ্ছেদের নোটিশ দেওয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছেন তারা নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। দালালমুক্ত হয়ে আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে।

নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ের জমি ও অন্যান্য স্থাপনা নানাভাবে বেদখল হয়ে গেছে। আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে রেলওয়ের যেসব জমি দখলদারদের কবলে রয়েছে সেগুলো আস্তে আস্তে দখলমুক্ত করা হবে। উচ্ছেদের যে বিষয়টি এসেছে তা অবশ্যই করা হবে। রেলওয়ের উন্নয়নের প্রয়োজনেই এটা করা হচ্ছে। এভাবে দখলকৃত জমি, কোয়ার্টার এবং বাংলো দখলমুক্ত করে সেগুলো প্রয়োজনীয় কাজে লাগানো হবে। যারা রেলওয়ের জমি বা কোয়ার্টার দখল বা বিক্রির সঙ্গে জড়িত আছেন তাদের কাছ থেকে দখলকৃত জমি ও কোয়ার্টার উদ্ধার করা হবে এবং এসব জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলওয়ের সম্পদ কারো ব্যক্তি সম্পদ নয়। এটা জনগণের তথা রাষ্ট্রের সম্পদ। তাই এ সম্পদ কুক্ষিগত করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে চাইলে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন