
নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফের করা জামিনের আবেদন শুনানির জন্য হাইকোর্টে দাখিল করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ আবেদন গ্রহণ করে কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মীর হেলাল। পরে ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন, আমরা জামিন আবেদন দাখিল করেছি। আশা করছি, এ সপ্তাহে শুনানি হবে। যদি না হয়, আগামী সপ্তাহে কার্যতালিকায় আসবে ও শুনানি হবে। তিনি বলেন, আদালত আমাদের আবেদন গ্রহণ করে বলেছেন, যেদিন ‘পেন্ডিং আপিলের’ জামিন শুনানি আসবে, ওইদিন এটি কার্যতালিকায় থাকবে। গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার এ আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দেন।