
নিউজ ডেস্কঃ বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীকে রক্ষায় গ্রামীণ উন্নয়নে মানসম্পন্ন বিনিয়োগ নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, দেশের প্রতিটি গ্রামের মানুষের নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে অবশ্যই মানসম্পন্ন বিনিয়োগ প্রয়োজন। এজন্য গ্রামীণ উন্নয়নে কী পরিমাণ অর্থ যাচ্ছে, তার বিশ্লেষণ দরকার। এছাড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ জলবায়ু বাজেট ২০১৯-২০ অর্থবছর: সুশীল সমাজ সংস্থার বিশ্লেষণ ও প্রতিফলন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলা হয়।
জলবায়ু বাজেট বিষয়ে আলোচনা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. ছলিমুল হক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, এটা প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন বললেই হয় না, এটা বুঝতে অধ্যয়ন করতে হবে। জবাবদিহিতা বাড়াতে একটি যৌথ মনিটরিং টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এ টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও বেসরকারি খাত অন্তর্ভুক্ত করতে হবে। এতে এ খাতের উন্নয়ন টেকসই ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। শুরুতে জলবায়ু বাজেটের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন লিড অব রিসাইলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের তানজির হোসাইন ও প্রোগ্রাম অফিসার সৈয়দা লামিয়া হোসাইন। আলোচনায় অংশ নেন অ্যাকশন এইডের হাসিন জাহানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।