
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আসনের (রংপুর-৩) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ। আজ শনিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী এ কথা জানিয়েছেন। তিনি জানান, অনিবার্য কারণে আজ সংবাদ সম্মেলন করে রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। প্রার্থী ঘোষণার তারিখ পরে জানানো হবে। এর আগে গতকাল শুক্রবার রওশন এরশাদের পক্ষ থেকে জানানো হয়, আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাইয়ের দিন ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।