
নিউজ ডেস্কঃ এবছরে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালালে ইয়াবা পাচারের ২০ টি ঘটনায় বিমানবন্দর থানায় ৩৮টি মামলা হয়েছে। অন্যদিকে, কক্সবাজার বিমানবন্দরে ঢাকায় পাচারের সময় এই আট মাসে মাত্র ৬ টি ঘটনায় ১৭ হাজার ৫৭৬ টি ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৯ জনের মধ্যে ৬ পাচারকারী পেটে ইয়াবা বহন করে ঢাকায় যাচ্ছিলেন।পেটের ভেতরে ইয়াবা পাচারের কারণ সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পেটে করে ইয়াবা পাচারের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ৫০টির মতো ইয়াবা স্কচটেপে জড়িয়ে জলপাই বা জামের আকৃতিতে প্যাকেট করা হয়। এ রকম ইয়াবাভর্তি ৩০ থেকে ৪০টি প্যাকেট কলা দিয়ে গিলে পাকস্থলীতে ঢোকানো হয়। পরে ঢাকায় পৌঁছে পায়ুপথ দিয়ে ইয়াবার প্যাকেটগুলো বের করে দেন পাচারকারীরা।
জানাগেছে সম্প্রতি নারীদের ব্যবহার করে আকাশপথে ইয়াবার চালান ঢাকায় আনা হচ্ছে । আমাদের দেশে সাধারণত নারীদের দিকে নজরদারি কম থাকে। তাই ইয়াবা পাচারকারী চক্র নারীদের ব্যবহার করছে। কারন নারীদের শরীরের বিভিন্ন গোপন অংশে লুকিয়ে সহজে ইয়াবা বহন করা যায়। এ ছাড়া অনেক নারী পাচারকারী তাঁদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ, কোমর, শাড়ির ভাঁজে ইয়াবা বহন করেন। গত আট মাসে ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরে ৯ জন নারী যাত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। বছরের প্রথম দিকে ২৫ জানুয়ারি নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন ইশা নামের এক নারী। গোপন সংবাদ পেয়ে শাহজালাল বিমানবন্দর এলাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এপিবিএন সদস্যরা। একপর্যায়ে ইশা তাঁর শরীরের স্পর্শকাতর অঙ্গ থেকে ৭২০টি ইয়াবা বের করে দেন।(চলবে)