
নিউজ ডেস্কঃ খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসা একটি অজগরকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন সচেতন তরুণরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী উপজেলার আমানবাজারে ৮ ফুট লম্বা, ৮ কেজি ওজনের অজগরটি বায়তুল আমান জামে মসজিদের সামনের নালা থেকে বেরিয়ে সড়ক পারাপারের সময় স্থানীয় লোকজনের চোখে পড়ে। এরপর সেটিকে মেরে ফেলার জন্য গণপিটুনি দিতে উদ্যত হয় কিছু মানুষ। এ সময় স্থানীয় দোকানি মো. ওসমান ও আবদুল মোতালেব সাপটিকে উদ্ধার করে ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের পাহাড়ি এলাকা থেকে অজগর, হরিণসহ যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে নেমে এলে নির্বিচারে হত্যা না করে প্রশাসনকে জানানোর জন্য ইউপি চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে রেখেছি। নির্বিচারে বন্যপ্রাণী নিধনের বন্ধে সচেতনতা সৃষ্টি করছি আমরা।চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্যাভাবে লোকালয়ে নেমে আসছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণীকে নির্বিচারে মেরে ফেলা হয়। যা খুবই দুঃখজনক।