
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত, টেন্ডার ছিনতাইকারীদের শাস্তি ও মেগা প্রজেক্টের মাস্টারপ্ল্যান সংশোধনের দাবিতে টানা তিন দিন প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচী গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিকে ৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে চলমান মেগা প্রকল্পে কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগকে জড়িয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে জাবি শাখা ছাত্রলীগ।
এর মধ্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান। আন্দোলনকারীরা তাৎক্ষণিক প্রশাসনের সাথে আলোচনায় বসার কথা না জানালেও ; পরে নিজেদের মধ্যে আলোচনা করে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রশাসনের সাথে শর্তসাপেক্ষে তিনদফার আলোকে আলোচনায় বসার ঘোষণা দেন। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আন্দোলনকারীদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে আলোচনার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবেন তারা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর শিক্ষক লিয়াজোঁ কমিটির সমন্বয়ক রায়হান রাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার শিক্ষকদের অংশগ্রহণে কর্মবিরতি (সকাল ১১টা থেকে ২টা) , পদযাত্রা ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা আলোচনার জন্য শর্ত দিয়েছেন- মেগা প্রকল্পের মাস্টারপ্ল্যান সংশোধন ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশের তিনটি হল অন্যত্র স্থানান্তরের বিষয়ে প্রশাসনের ইতিবাচক মনোভাব থাকতে হবে। এছাড়া প্রশাসনের বিরুদ্ধেই যেহেতু দুর্নীতির অভিযোগ তাই এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা হবে না। এ আলোচনায় শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি’র কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে।