
তন্ময় ভক্ত তপু॥ রাজধানি ঢাকার রাস্তায় যানজটের প্রধান যেসব কারণগুলো দেখা যায় তা হল অপ্রশস্থ রাস্তা, পর্যাপ্ত পার্কিং প্লেসের অভাব, রাস্তার উপর অপরিকল্পিত যত্রতত্র পার্কিং, রাস্তায় ট্রাফিক সিস্টেম বা পুলিশের অপ্রতুলতা, যত্রতত্র রিক্সার আনাগোনা, চালক ও যাত্রী উভয়ের ট্রাফিক নিয়ম মানার অনীহা, রেল ক্রসিং, ভিআইপি মুভমেন্ট ইত্যাদি। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের জাতীয় সংসদে দেয়া তথ্য অনুযায়ী, একটি আধুনিক নগরীতে মোট আয়তনের ২০ থেকে ২৫ ভাগ রাস্তা বা সড়ক থাকার কথা থাকলেও কিন্তু ঢাকায় আছে মাত্র সাত থেকে আটভাগ৷ ঢাকা শহরের মোট এলাকা ১৩৫৩ বর্গ কিলোমিটার আর ঢাকার বর্তমান রাস্তার আয়তন ২,২০০ কিলোমিটার, যার মধ্যে ২১০ কিলোমিটার প্রধান সড়ক৷ অন্যদিকে ট্র্যাফিক বিভাগের হিসাব মতে, সেই সড়কের কম করে হলেও ৩০ ভাগ বা তারও বেশি দখল হয়ে আছে অবৈধ পার্কিং এবং নানা ধরনের দখলদারদের হাতে৷
ট্রাফিক জ্যামের এই ক্রমবর্ধমান তীব্রতার আরেকটি কারণ হলো রাস্তায় ব্যাক্তিগত গাড়ির আধিক্য। সময়ের সাথে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা হু হু করে বেড়েই চলেছে।রাজধানীর রাস্তায় ট্রাফিক জ্যামে থেমে থাকা যানবাহনের মধ্যে ৯০ শতাংশই ব্যাক্তিগত পরিবহন অর্থাৎ প্রাইভেট কার, জীপ ও মাইক্রোবাস ও সিএনজি। যেখানে সড়ক মহাসড়কে ১০০ জন যাত্রী পরিবহন করতে সর্বোচ্চ তিনটি পাবলিক বাসই যথেষ্ট। অথচ প্রাইভেট কার বা জীপে সমপরিমান যাত্রী পরিবহন করতে লাগবে শেয়ার করলে সর্বনিম্ন ২৫টি লাগার কথা কিন্ত বাস্তবে ১০০ জন যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় নুন্যতম ৫০ বা তারও অধিক গাড়ি । অর্থাৎ বিপুল সংখ্যক ব্যাক্তিগত গাড়ি নিয়ে খুব কম সংখ্যক যাত্রী দিনের গুরুত্বপুর্নসময়ে রাস্তার বেশিরভাগ অংশ দখল করে রাখে ।
রাজধানী ঢাকায় মোট জনসংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ মানুষের ব্যাক্তিগত গাড়ি রয়েছে। অর্থাৎ, এই ৫ শতাংশ মানুষের জন্য ৯৫ শতাংশ মানুষকে প্রতিদিন ট্রাফিক জ্যামের যন্ত্রনায় ভুগতে হচ্ছে। রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ-র হিসাব অনুয়ায়ী, বর্তমানে ঢাকায় ৯ লাখ ১৩ হাজার ৬২২টি নিবন্ধিত মোটরযান রয়েছে৷ এর মধ্যে বাস ২৩ হাজার ১১৯টি এবং মিনিবাস ১০ হাজার ৭টি৷ অন্যদিকে প্রাইভেট কার রয়েছে ২ লাখ ১৬ হাজার ৭২২টি৷ ঢাকা মহানগরীতে বর্তমানে জনসংখ্যা প্রায় পৌনে দুই কোটি৷ তার মানে, জনসংখ্যার হিসেবে শতকরা এক ভাগেরও কম মানুষের প্রাইভেট কার রয়েছে৷ কিন্তু সড়ক চলে গেছে প্রাইভেট কারের দখলে৷ আবার বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ( যারা সরকারি ব্যক্তিগত গাড়ীর যোগ্য ) সারাদিনই অফিস কাজের বাইরে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কাজে সরকারি গাড়ি গুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। সরকারি এই গাড়িগুলো দিয়েছে তাদের অফিসে আসা যাওয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজের জন্য। বাকীসময় এই গাড়ী গুলো সরকারি পরিবহন পুলে থাকার কথা। কিন্ত বাস্তবে তা ঘটছেই না। এতে করে রাস্তার উপর সবসময়ই চাপ থাকে।
সরেজমিনে তদন্তে দেখাযায় ঢাকার সড়ক পরিবহন ব্যবহারকারীরা – মানে যানবাহন ও পথচারী কেউই আইন মানে না৷ সুযোগ পেলেই ট্র্যাফিক আইন লঙ্ঘন করে তারা৷ সবাই আগে যেতে চায়, তা সে যেভাবেই হোক না কেন৷ এর ফলাফল হলো, কেউই আর শেষ পর্যন্ত আগে যেতে পারে না৷ তার ওপর ফুটওভার ব্রিজ বা ফুট ব্রিজ ব্যবহার না করে পথচারীরা মূল সড়কের মাঝখান দিয়ে রাস্তা পারাপার করে সড়কের গতি স্লথ করে দেন৷ এছাড়া বসতবাড়ি এবং কিছু কিছু অফিসে নিজস্ব গাড়ি রাখার ব্যবস্থা আছে ঢাকায়৷ এর বাইরে পুরো রাজধানীতে আর কোনো সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই৷ তাই অফিস এবং ব্যবসা-বাণিজ্য চলাকালীন সময়ে ৮০ ভাগ গাড়ি রাস্তায় যত্রতত্র পার্কিং করা হয়৷এই শহরে একই রাস্তায় দ্রুতগামী যানবাহন আর ধীর গতির যানবাহন চলাচল করে, তাও আবার একসঙ্গে৷ একই সড়কে বাস-মিনিবাস, রিকশা, ঠেলাগাড়ি, ভ্যান, এমনকি ঘোড়ার গাড়িও চলে৷ ঢাকায় এখনো নিবন্ধিত রিকশার সংখ্যা সাত লাখ৷ কিন্তু বাস্তকে ২০ লাখ প্যাডেল চালিত রিকশা চলাচল করে এই শহরে৷ ফলে যানবাহনের গতি যায় কমে৷ ( চলবে )