
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের প্রবণতা বেশি থাকায় মশক নিয়ন্ত্রণে বিগত যেকোন অর্থবছরের তুলনায় এখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে এই খাতে ৪৯ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। এটা মেয়রের দায়িত্বে আসার পর মো. আতিকুল ইসলামের প্রথম এবং মেয়র হিসেবে এই মেয়াদের শেষ বাজেট। প্রস্তাবিত বাজেট পেশ করার সময় ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৮২২ কোটি ৬৩ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছে।
গত অর্থবছরে ডিএনসিসির এ বাজেট ছিল দুই হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকা। মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ডিএনসিসিকে স্বাবলম্বী করার লক্ষে ২০১৯-২০ অর্থবছরে মোট রাজস্ব আয় এক হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা ধরা হয়েছে, যা গত অর্থ বছরের চেয়ে ৩১৩ কোটি ৪০ লাখ টাকা বেশি। আশা করা যাচ্ছে, এ অর্থ বছরে গৃহ কর, বাজার সালামী, ট্রেড লাইসেন্স ফি, সম্পত্তি হস্তান্তর কর ও সড়ক খনন ফি বাবদ আয় বৃদ্ধি পাবে। এই অর্থবছরে সরকারি অনুদান (থোক) থেকে পাওয়া যাবে ১০০ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা এবং সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে পাওয়া যাবে ১ হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা।