News71.com
 Bangladesh
 06 Sep 19, 11:48 AM
 94           
 0
 06 Sep 19, 11:48 AM

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান॥সাবেক মন্ত্রী ফিরোজ রশীদ

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান॥সাবেক মন্ত্রী ফিরোজ রশীদ

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির বিভক্ত পরিস্থিতি নিয়ে সাবেক মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, যারা জিএম কাদেরের বিরোধিতা করছে তারা জাতীয় পার্টির শত্রু। কারণ তারা বারবার জাতীয় পার্টিকে বিতর্কে ফেলছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই জাপার চেয়ারম্যান বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় কক্সবাজারের হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফিরোজ রশীদ বলেন, যারা জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করছেন তারা পার্টির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান। জিএম কাদেরের নেতৃত্ব চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি সমর্থন করে। এ সময় দলীয় গঠনতন্ত্রের ব্যাখ্যা করে কাজী ফিরোজ রশিদ বলেন, গঠতন্ত্র অনুযায়ী দায়িত্বরত চেয়ারম্যান যাকে দায়িত্ব হস্তান্তর করবেন তিনিই চেয়ারম্যান হবেন। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জিএম কাদের সাহেবকে লিখিতভাবে চেয়ারম্যান করেছেন। যা গঠনতন্ত্র মোতাবেক হয়েছে। 

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করা তিনি বলেন, ১৬ জন সংসদ সদস্যের সম্মতি নিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রস্তাব করা হয়। সবার মতামত অনুযায়ী এ প্রস্তাব করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফি, কেন্দ্রীয় নেতা মুহিবুল্লাহ, অ্যাডভোকেট মো. তারেক, মাস্টার মনঞ্জুর আলম প্রমুখ। প্রসঙ্গত, সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন ইস্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে গত দুই দিনে জাপার জিএম কাদের ও রওশন এরশাদ পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন। গত মঙ্গলবার স্পিকারকে দেওয়া চিঠিতে জিএম কাদের নিজেকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি চেয়েছেন। জিএম কাদেরের চিঠিকে অবৈধ আখ্যা দিয়ে পরদিন স্পিকারকে দেওয়া পাল্টা চিঠিতে বিষয়টি আমলে না নেওয়ার অনুরোধ করেন রওশন এরশাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন