
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট। এ কর্মসূচির সূচনা হলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিন বছরব্যাপী এ কর্মসূচির শুভারম্ভ করেন ট্রাস্টের পরিচালক মণ্ডলী। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা তথা কুমিল্লা সদরের এম পি আ ক ম বাহারউদ্দিন বাহার, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, সাবেক প্রধান তথ্য কমিশনার ও সংস্কৃতি বিষয়ক সচিব মো আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা বুলবুল মহালানবীশ, মুক্তিযোদ্ধা ড. আনোয়ারা বেগম প্রমুখ।
মুক্তিযোদ্ধা তথা কুমিল্লা সদরের এম পি আ ক ম বাহারউদ্দিন বাহার সংবাদ সম্মেলনে বলেন, ১৯৬২ সালের আগে পর্যন্ত আমরা নিজেদের ত্রিপুরার লোক বলে মনে করতাম কারণ এর আগে পর্যন্ত আমাদের জেলার নাম ছিলো ত্রিপুরা। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতবাসীর বিশেষ করে ত্রিপুরাবাসীর অবদান ভুলবার নয়। কারণ তখন নিজ রাজ্যের জনসংখ্যার চেয়ে বেশি শরণার্থীদের আপন করে নিয়েছিল ত্রিপুরাবাসী। নিজ ঘরে ঠাঁই দিয়েছিল, নিজেদের খাবার ভাগ করে খেয়েছিল। তাই ত্রিপুরা ও বাংলাদেশের মানুষের হৃদয় এক কাঁটাতারের বেড়া দিয়ে ভাগ করা যাবে না। সেদিন ত্রিপুরাবাসী কেমন অবস্থায় আমাদের আপন করে ছিল তা এখন আমরা অনুভব করতে পারি আমাদের দেশে রোহিঙ্গাদের উপস্থিতি ও তাদের বর্তমান অবস্থা দিয়ে।