
নিউজ ডেস্কঃ অস্ত্রের মুখে রোহিঙ্গাদের ‘বিদেশি’ পরিচয়পত্র নিতে বাধ্য করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এর মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হওয়ার সুযোগ কেড়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা। আজ বুধবার ফর্টিফাই রাইটসের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। ফর্টিফাই রাইটস জানিয়েছে, রোহিঙ্গাদের কার্যকরভাবে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করেছে এনভিসি নামে এমন পরিচয়পত্র নিতে রোহিঙ্গাদের বাধ্য করছে মিয়ানমার সরকার। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, কার্যকরভাবে মৌলিক অধিকার কেড়ে নেয়ার একটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছিল এবং এনভিসি প্রক্রিয়া বাস্তবায়নের অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতার উপর বিধিনিষেধও আরোপ করেছিল বলে সংস্থাটি জানায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। তাই বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রায় তিন লাখের বেশি রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে ছিলেন।