
নিউজ ডেস্কঃ শেষ হওয়া আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল দেশের তাপমাত্রা। বৃষ্টিপাত কম হওয়ায় গত মাসে গরমও অনুভূত হয়েছে অনেক বেশি। তবে সেপ্টেম্বরে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর এ মাসে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ২৩ দশমিক ২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৩ আগস্ট দৈনিক সর্বোচ্চ ২২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় টেকনাফে। আগস্টে বঙ্গোপসাগরে পাঁচটি লঘুচাপের সৃষ্টি হয়।মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় ৫-৬, ১১-১২ ও ২২ আগস্ট পশ্চিমাঞ্চলের অনেক স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ১২ আগস্ট মাসের সর্বোচ্চ ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। অফিস আরো জানায়, আগস্ট মাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৮ ও ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।