
নিউজ ডেস্কঃ বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত তারেক রহমানের ১২তম কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। তাই খালেদা জিয়াকে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করে জাতীয়তাবাদী রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। বিএনপি ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারীরা এক এগারোর সময় বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু পারেনি। ষড়যন্ত্রকারীরা গুম-খুন ও হত্যা করে মনে করেছিল বিএনপিকে শেষ করে দেবে। সেটাও তারা পারেনি। এদেশের মানুষ স্বাধীনতাকামী এ অন্যায় অত্যাচার সহ্য করেও তারা টিকে আছে। এটাই হচ্ছে বিএনপি।