News71.com
 Bangladesh
 02 Sep 19, 07:28 PM
 175           
 0
 02 Sep 19, 07:28 PM

দেশবাসী বাকশাল কখনোই মেনে নেবে না॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দেশবাসী বাকশাল কখনোই মেনে নেবে না॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা-নির্যাতনের মাধ্যমে সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করতে চেয়েছে। তারা দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দী রেখে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। কিন্তু দেশবাসী সেটা কখনোই মেনে নেবে না। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি উদ্বোধনের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তে অর্জিত স্বাধীনতা তারা হুমকিতে ফেলেছে। এই সরকার জনগণের বিরুদ্ধে কাজ করছে। তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।


বিএনপির ২৬ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার ভেবেছিল জেল, জুলুম, হুলিয়ার মাধ্যমে বিএনপিকে দমন করবে কিন্তু পারেনি। তিনি বলেন, আমরা যদি গণতন্ত্রের মুক্তি চাই, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ও দেশনেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই তবে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন