
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সম্মেলন কক্ষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ রবিবার এ বাজেট ঘোষণা করেন। গত অর্থবছর ডিএসসিসি’র বাজেট ছিল ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকা। সে তুলনায় এবার ৩২ কোটি ৬৫ লাখ টাকা বেশি বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব বাবদ আয় প্রস্তাব করা হয়েছে ৯৭২ কোটি ৪০ লাখ টাকা। আর সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা। এবার দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের প্রবণতা বেশি থাকায় মশক নিয়ন্ত্রণে বিগত যেকোন অর্থবছরের তুলনায় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে এই খাতে ৪৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ডেঙ্গু রোগ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং চলতি সপ্তাহে এই অবস্থার আরও উন্নয়ন ঘটবে। তবে মশক নিধন কার্যক্রম সারা বছর চলমান থাকবে। মশক নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ৫ বছর মেয়াদী একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় জনবল বৃদ্ধি করে ‘কমিউনিক্যাবল ডিজিস এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করা হবে। মেয়র বলেন, ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নগরী। অনেকেই আলোকিত এই সিটি দেখতে আসেন।