News71.com
 Bangladesh
 01 Sep 19, 01:54 PM
 102           
 0
 01 Sep 19, 01:54 PM

সরকারি পলিটেকনিক ও টিএসসিতে ২৫ হাজার জনবল নিয়োগ॥

সরকারি পলিটেকনিক ও টিএসসিতে ২৫ হাজার জনবল নিয়োগ॥

নিউজ ডেস্কঃ জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) শিক্ষা কার্যক্রম। শিক্ষক কম থাকায় অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ও ব্যবহারিক ক্লাস ঠিকমতো হচ্ছে না। ল্যাবগুলোতে অধিকাংশ যন্ত্রপাতিই অচল। ফলে ব্যবহারিক নির্ভর কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষার মতোই ক্লাস নির্ভর হয়ে গেছে। অন্যদিকে ভর্তির হার বাড়াতে বেশ আগেই চালু হয়েছে ডাবল শিফট। শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী অবসরে গেলেও নিয়োগ বিধিতে পদ না থাকায় পদ শূন্য থাকছে। ফলে প্রতিনিয়তই বাড়ছে সংকট। এবার এসব প্রতিষ্ঠানের শিক্ষা-সংকট কমাতে পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২৫ হাজার জনবল সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ ইত্তেফাককে বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) জাহাঙ্গীর আলম বলেন, পলিটেকনিকগুলোর তিন বছরের কারিকুলাম পরিবর্তন করে চার বছর করা হয়। এছাড়া নতুন নতুন বিভাগ চালু হয়। কিন্তু জনবল নিয়োগ দেওয়া যায়নি। ফলে জনবল সংকট তৈরি হয়েছে। তিনি জানান, ২০০৬ সালের পর টেকনিক্যাল ক্যাডারে নিয়োগ বন্ধ রয়েছে। বর্তমানে সরকারি পলিটেকনিকগুলোতে প্রায় ৭ হাজার পদ থাকলেও প্রায় ২ হাজারের মতো পদ শূন্য রয়েছে। পদ সৃষ্টির মাধ্যমে জনবল নিয়োগ দিলে সংকট আর থাকবে না বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন