
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (০১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে দলটি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মিণী খালেদা জিয়া ৩৭ বছর ধরে বিএনপির হাল ধরে আছেন। স্বামীর মৃত্যুর পর নিছক একজন গৃহবধূ থেকে রাজনীতিক হয়ে ওঠা সেই নেত্রী এখন কারাগারে। তাকে ছাড়াই ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। অন্যদিকে চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে প্রবাসী। এমন পরিস্থিতিকে বিশ্লেষকদের কেউ কেউ ‘নাজুক’ হিসেবে উল্লেখ করলেও দলটির সবচেয়ে বড় সফলতা হলো দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখনো বিএনপিই।
কর্মসূচি: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রোববার সকাল সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমে মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়া এদিন বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। এদিকে দিনটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে একটি শোভাযাত্রা করা হবে সোমবার (০২ সেপ্টেম্বর)। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ২টায় শোভাযাত্রাটি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।