
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ওই আসনে ভোটগ্রহণ করা হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনেরর মিডিয়া সেন্টারে রোববার (০১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, শূন্য আসনটিতে ০৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।