
নিউজ ডেস্কঃ পদ্মাসেতু চালু হলে বর্তমানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চীনকেও ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জিডিপি ৮ দশমিক ৫ শতাংশ। পদ্মাসেতু চালু হলে এটি আরও ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমাদের জিডিপি ১০ শতাংশের বেশি হবে, যা চীনের বর্তমান জিডিপির চেয়েও বেশি। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে ‘জাতির জনকের হত্যাকাণ্ড এবং তার অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, একসময় আমরা সাত কোটি মানুষের খাবার যোগাড় করতেই হিমশিম খেতাম। নগরায়ন ও শিল্পায়নের ফলে কৃষি জমি অনেক কমে গেলেও এখন প্রায় ১৮ কোটি মানুষ খাওয়ার পরেও খাদ্য উদ্বৃত্ত থাকছে। তিনি বলেন, একসময় বাংলাদেশের সবুজ পাসপোর্টের মূল্যায়ন করা হতো না। বর্তমানে এ সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বের ৩৩টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। পাঁচ-সাত বছর পর বিশ্বের আরও অনেক দেশেই ভিসা ছাড়া যাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী মাজেদা শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আলহাজ্ব মো. আমজাদ হোসেন।