
নিউজ ডেস্কঃ রাজপথের কর্মসূচি না থাকায় বিএনপি এখন মূল দল ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনে ব্যস্ত সময় পার করছে। গত কয়েক মাসে ১৬টি জেলায় আহ্বায়ক কমিটি এবং ৯টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিগুলোকে সংশ্লিষ্ট জেলার উপজেলা ও পৌর কমিটি গঠন করে তিন মাসের মধ্যে কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত দল পুনর্গঠনের নতুন চ্যালেঞ্জ নিয়েছেন বিএনপি হাইকমান্ড। বদলে ফেলা হয়েছে বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া। কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ কমিটি আর হচ্ছে না। এখন থেকে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হতে হলে এখন থেকে দলের নেতাকর্মীদের সমর্থন পেতে হবে। সিন্ডিকেট কমিটি বা ‘পকেট কমিটি’ করার আর কোনো সুযোগ থাকছে না বিএনপিতে। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে দলের কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই কাউন্সিলেও সরাসরি ভোটের মাধ্যমে হবে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
কেবল বিএনপি নয়, ইতিমধ্যে অঙ্গ দলগুলোতেও পুরোদমে পুনর্গঠন চলছে। বিএনপির পেশাজীবী সংগঠন ‘ড্যাব’ দিয়ে শুরু হয়েছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন। প্রথমে ড্যাবের আহ্বায়ক কমিটি করা হয়। পরে নির্ধারিত সময়ের মধ্যে হয় সরাসরি ভোট। ভোটের মাধ্যমে হয়েছে নতুন কমিটি। এখন চলছে ছাত্রদলের কাউন্সিলের প্রক্রিয়া। আগামী ১৪ সেপ্টেম্বর কাউন্সিল হবে। এই কাউন্সিল করার ক্ষেত্রে দলের একটি অংশ বিপত্তি সৃষ্টি করলেও হাইকমান্ডের দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। ছাত্রদলের কাউন্সিলে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কাউন্সিল হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের মাধ্যমে দলের সর্বস্তরে পুনর্গঠন হবে, এতে যোগ্য ও ত্যাগীরা জায়গা পাবেন এবং দলে গতি আসবে। অতীতেও আমরা বারবার ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের উদ্যোগ নিয়েছি। কোথাও কোথাও করেছি। কিন্তু রাজনৈতিক প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়নি। আশা করছি দলে নেতৃত্ব নির্বাচনের যে গতি চলছে তাতে আমরা সফল হব।