
নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে প্রার্থিতার শর্ত পূরণে যাচাই-বাছাই কমিটি যাদের প্রার্থিতা বাতিল করেছিল, তাদের মধ্যে আল মেহেদী তালুকদারসহ সভাপতি পদে যে সাতজন আপিল করেছিলেন, তাদের কারও মনোনয়ন বৈধ হয়নি। ফলে এই সাত প্রার্থী সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে পারছেন না। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে যে নয়জন আপিল করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) আপিল কমিটি বাতিল হওয়া প্রার্থীদের আবেদনগুলো নিষ্পত্তি করে গভীর রাতে গণমাধ্যমকে এ তথ্য জানায়। সভাপতি পদে যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তারা হলেন- আল মেহেদী তালুকদার, আরাফাত বিল্লাহ খান, আসাদুল আলম, আজিম উদ্দিন মেরাজ, এসএএম আমিরুল ইসলাম, জুয়েল মৃধা এবং ফজলুল হক নীরব।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যারা যাচাই-বাছাই কমিটির কাছে বিবেচিত হননি, তারা হলেন- সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইমদাদুল হক মজুমদার ও মোহাম্মদ জামিল হোসেন। তবে আপিল কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এই পাঁচজন নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (৩১ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও তা একদিন বাড়িয়ে রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে। ওইদিন সারাদেশ থেকে আগত ৫৮০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোট দেবেন। গত ২০ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।