News71.com
 Bangladesh
 30 Aug 19, 11:57 PM
 69           
 0
 30 Aug 19, 11:57 PM

পরিবারকে সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার॥এলজিআরডি মন্ত্রী

পরিবারকে সঙ্গে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার॥এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যেসব জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কর্মক্ষেত্রে স্ত্রী বা স্বামী ও সন্তানরা থাকেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'বাংলাদেশে সামাজিক জবাবদিহি ও ইচ্ছামূলক গণতন্ত্রের পরিস্থিতি: বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পথরেখা' শীর্ষক সমীক্ষা প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এটা দেখা গেছে যে যেসব জেলায় ডিসিদের সন্তানরা পড়াশোনা করে না সেখানকার স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গুণ ও মান তদারকি ও যথাযথভাবে পরিচালনা করা হয় না। ডিসিদের সঙ্গে যেন তাদের পরিবার থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। তাই কর্মক্ষেত্রে পরিবারকে সঙ্গে নিয়ে না থাকা ডিসিদের তালিকা করার একটি পদক্ষেপ চলছে।

 

তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। কারণ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩ ধরনের সেবা মানুষকে দেওয়া হয়। যেসব পৌরসভার কর্মীরা বেতন পাচ্ছেন না সেগুলোর মেয়রদের বিদেশ সফরে যেতে দেবে না মন্ত্রণালয়। বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, ডিএফআইডি বাংলাদেশের আনোয়ারুল হক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন