
নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভার সন্ধানে বরিশালে সাতটি বাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ।এসময় নির্মাণাধীন একটি বাড়িতে মশার লার্ভা খুঁজে পান তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বাড়ির নির্মাণ কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, ডেঙ্গু ও এডিস মশার বংশবিস্তার রোধে শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পরে শহরের অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় এডিস মশার লার্ভার সন্ধানে ওই এলাকার সাতটি বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এর মধ্যে অক্সফোর্ড মিশন এলাকার মেজর এমএ জলিল সড়কের একটি নির্মাণাধীন বহুতল ভবনে মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। তবে বাড়ির মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। তাই ওই ভবনে নির্মাণ কাজ পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল মালেক নামে ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে শুক্রবার চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে বিগত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে একজন বেড়েছে।