
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি হবে চিরস্থায়ী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাংশ (আওয়ামী সমর্থিত আইনজীবীরা)। সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর জীবনাদর্শে ছিল গভীর মানবিক দর্শন। সারাজীবন তিনি ঘুমন্ত মানুষের জাগরণে ব্যয় করেছেন। পঁচাত্তরে ঘাতকরা যখন তাকে হত্যা করে, তারা ভেবেছিল বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকবে না। তারা জানতো না আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুর জীবনাদর্শ বুকে ধারণ করে আজও বাঙালিরা তার লালিত সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রত্যয়ী।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজ আমি এখানে থাকতাম না। আমরা বিচারপতি হতাম না। বাংলাদেশকে সোনার বাংলা করতে কাজ করে গেছেন বঙ্গবন্ধু। তার সে স্বপ্নপূরণে সবাই মিলে কাজ করতে হবে। সবাই এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো। আপিল বিভাগের আরেক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যারা ৭ মার্চের ভাষণে অন্য কিছু খুঁজে পান, তারা নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করছেন। দেশের ৯০ ভাগ মানুষ বাঙালি পারলেও এখনও ১০ ভাগ মানুষ রয়ে গেছে অন্ধকারে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, জ্যেষ্ঠ আইনজীবী এম. আমীর উল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, এ এফ এম মেসবাহ উদ্দিন, ব্যারিস্টার ফজলে নুর তাপস প্রমুখ বক্তব্য রাখেন ।