News71.com
 Bangladesh
 30 Aug 19, 01:29 PM
 230           
 0
 30 Aug 19, 01:29 PM

ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে ভারতীয় রুপিঃ শক্তিশালী হচ্ছে বাংলাদেশী টাকা  

ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে ভারতীয় রুপিঃ শক্তিশালী হচ্ছে বাংলাদেশী টাকা   

তন্ময় তপুঃ আন্তর্জাতিক বাজারে টাকার সঙ্গে ভারতীয় রুপির বিনিময় হার প্রায় সমান পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ রুপির তুলনায় ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অনুযায়ি বাংলাদেশের একশ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ৮৬ ভারতীয় রুপি। এতে চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য ভারতে যাওয়া বাংলাদেশিদের খরচ কমছে। এছাড়া, ভারত থেকে আমদানি পণ্যের পরিমাণ বাড়বে, কমবে রপ্তানি। সাম্প্রতিক বছরগুলোতো টাকার বিপরীতে রুপির দর এত কম দেখা যায়নি। ২০১৬ সালে ভারতে মোদি সরকারের নোট বাতিলের সময়ও রুপির দর ছিল এক টাকা ১৫ পয়সা। টাকা শক্তিশালী হলে পণ্য আমদানি-রপ্তানিতে তেমন প্রভাব না পড়লেও আমদানিকারকরা যথেষ্ট লাভবান হবেন। এছাড়া ভ্রমণ ও চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তারাও লাভবান হবেন। কারণ রুপির বিপরীতে ডলারের পাশাপাশি এখন বাংলাদেশি টাকাও শক্তিশালী হয়ে উঠেছে।

জানাগেছে গত অর্থবছর ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে ৮শ কোটি ডলারের বেশি পণ্য। বিপরীতে রপ্তানি করা হয়েছে ৩৭ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৩ সালের আগস্ট মাসে এক রুপির দর ছিল এক টাকা ২৮ পয়সা। এরপর থেকে দর সামান্য বাড়া-কমার মধ্যেই ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে একটু বেড়ে এক রুপির দর দাঁড়ায় এক টাকা ৩০ পয়সায়। গত বুধবার (২৮ আগষ্ট) ভারতীয় রুপির মান বাংলাদেশি মুদ্রায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। ওই দিন বাংলাদেশি ১১৫ টাকার বিপরীতে পাওয়া গেছে ভারতীয় ১০০ রুপি। অর্থাৎ, ১০০ টাকায় মিলেছে ৮৬ রুপি। এক রুপির দর নেমে এসেছিল এক টাকা ১৫ পয়সায়। বাংলাদেশি টাকার বিপরীতে রুপির এটি সর্বনিম্ন অবস্থান।

গত বুধবার বাংলাদেশি টাকার বিনিময় হার ছিলো— ১ মার্কিন ডলার ৮৩ টাকা ৮৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১০৫ টাকা ৭০ পয়সা, এক ইউরো ৯৪ টাকা ২৪ পয়সা ও এক সৌদি রিয়াল ২২ টাকা ৩৬ পয়সা। এ সময় এক ডলারে পাওয়া গেছে প্রায় ৭২ রুপি। তবে রুপির দর কমে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার ৫ পয়সা বেড়েছে প্রতি ডলারের দাম। ভারতে পণ্য বেশিরভাগ কেনাবেচা হয় ডলারে। ফলে টাকা শক্তিশালী হলে বা রুপির মান কমলে ব্যবসায়িক ক্ষেত্রে খুব একটা প্রভাব পরবে না। তবে যারা ভারত ভ্রমণ করবেন কিংবা টাকা ভাঙাবেন তারা লাভবান হবেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মোট ২০ লাখ বাংলাদেশি ভারত সফর করেছে। এছাড়াও দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে, বিদেশি রোগীদের মধ্যে ভারতে সবচেয়ে বেশি রোগী যায় বাংলাদেশ থেকে। গত বছর শুধু বাংলাদেশ থেকে ২ লাখ ২১ হাজার ৭৫১ জন মানুষ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন