
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদারতা ও মানবিকতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বিরোধিতাকারী এক ব্যক্তির পরিবারকে দেওয়ার জন্য আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে সাড়ে তিন বছর কাজ করেছি। একদিন দুপুরের খাবার শেষে বিশ্রামের পর বঙ্গবন্ধু আমার কাছে ২০ হাজার টাকা ধার চাইলেন। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসার খায়েরকে বললাম আমাকে ১৫-২০ হাজার টাকার ব্যবস্থা করে দেয়ার জন্য। ‘এই টাকা দিয়ে বঙ্গবন্ধু কী করবেন সেটা আমরা আগে জানতাম না। কিছুক্ষণ পরে জমির নামের এক ভদ্রলোকের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসা শাহ আজিজুর রহমানের পরিবারকে সেই টাকা দিলেন বঙ্গবন্ধু। তখন আমরা জানতে পারলাম টাকা ধার নিয়ে বঙ্গবন্ধু কী করলেন। আজিজুর রহমান তখন জেলে ছিলেন। তার পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য শাহ আজিজুর রহমানের পরিবারের জন্য এই টাকা দিয়েছিলেন বঙ্গবন্ধু। অথচ শাহ আজিজুর রহমান সবসময় বঙ্গবন্ধুর বিরোধী ছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, নবীন রাষ্ট্র বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেজন্য সব উন্নয়ন কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই অগ্রযাত্রা চলছে। সোনার বাংলা গড়তে পারলেই জাতির পিতার প্রতি সার্থক শ্রদ্ধা জানানো হবে। জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালে আমরা সমৃদ্ধ জাতিতে পরিণত হবো। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মতিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেসবাহউদ্দিন ও ব্যাংকের পর্ষদ সদসবৃন্দ। বিডিবিএল বঙ্গবন্ধু পরিষদ, অফিসার অ্যাসেসিয়েশন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও এমপ্লয়িজ ইউনিয়ন এই আলোচনা সভার আয়োজন করে।