
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো দ্বিতীয়বারের মত রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়া এবং প্রত্যাবাসনকে কেন্দ্র করে রোহিঙ্গা শিবিরে পরিকল্পিত ও সংগঠিত সমাবেশ ও তাদের দেওয়া পাঁচদফা ঘোষণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, এই সমাবেশের মূল ব্যক্তি বাংলাদেশের পাসপোর্টে মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্র সফর করেছে বলে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। তাতে ইউএনএইচসিআর-এর সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। রোহিঙ্গা শিবিরে সম্প্রতি যে সমাবেশ অনুষ্ঠিত হয় সে ক্ষেত্রেও দেশি-বিদেশি এনজিও-র প্রত্যক্ষ সহযোগিতার কথাও জানা গেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি অস্ত্রের বিস্তার ও সন্ত্রাসী তৎপরতায়ও স্থানীয়রা গভীরভাবে উদ্বিগ্ন। শিবিরে খুনাখুনির ঘটনা ঘটছে, বিস্তার ঘটছে মাদকের।
সম্প্রতি রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয় যুবলীগ নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। এর বাইরে পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, শ্রমের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় স্থানীয় জনগণ চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর ফলে সংঘাত-সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয়দান বিশ্বে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা সমাধানে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তাও বিশ্ব কর্তৃক সমর্থিত হয়েছে। কিন্তু আঞ্চলিক ভূ-রাজনীতির কারণে রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর কোন উদ্যোগ নিতে পারেনি।