
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। রাহিঙ্গা ইস্যুতে জাতি ঐক্যবদ্ধ আছে। এর জন্য বিএনপির জাতীয় ঐক্যের প্রয়োজন নেই এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে চায় না বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব এখন মিয়ানমারকে চাপ দিচ্ছে। বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শহীদুল্লাহ সিকদার, বিএমএ এর নেতা শরফুদ্দিন আহমেদ, ডা, শফিকুর রহমান, ডা. জামালউদ্দিন খলিফা, ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ।