
নিউজ ডেস্কঃ প্রকৃত অর্থে বিরোধী দলের অভাবে দশম জাতীয় সংসদ কার্যকর হয়নি। এ কারণে আগের কয়েকটি সংসদের সাথে দশম সংসদের তুলনা করা যায় না। তবে কোরাম সংকট কমেছে। রাজধানীর ধানমণ্ডিস্থ নিজ কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে দশম জাতীয় সংসদের উপর ‘পার্লামেন্টওয়াচ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, প্রধান একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় দশম সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। ফলে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয় এবং সংসদীয় কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্র ক্ষমতার চর্চা বৃদ্ধি পায়।
প্রতিবেদনে বলা হয়, আইন প্রণয়নের আলোচনায় সদস্যদের তুলনামূলক কম অংশগ্রহণ, সংসদীয় কমিটির প্রত্যাশিত কার্যকরতা ও সংসদীয় উন্মুক্ততার ঘাটতি এবং কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি ও স্পিকারের জোরালো ভূমিকার ঘাটতির ফলে এই সংসদ প্রত্যাশিত পর্যায়ে কার্যকর ছিলো না। এতে আরো বলা হয়, সরকারি দলের নির্বাচনী ইশতেহারে সংসদ কার্যকর করা সংক্রান্ত অঙ্গীকারসমূহের বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি লক্ষণীয়। কথিত বিরোধী দলের আত্মপরিচয় সংকট ও তাদের দ্বৈত অবস্থানের কারণে সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণে তারা প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। এ কারণে আগের কয়েক টি সংসদের সাথে দশম সংসদের তুলনা করা যায় না। তবে কোরাম সংকট কমেছে।
প্রতিবেদন অনুযায়ী কোরাম সংকট: ২৩টি অধিবেশনের প্রতিটি কার্যদিবসে কোরাম সংকট অব্যাহত ছিলো। প্রতি কার্যদিবসে গড় কোরাম সংকট ২৮ মিনিট। প্রকৃত মোট ব্যয়িত সময় ১২%। প্রতি কার্যদিবসের গড় কোরাম সংকট পূর্বের সংসদের তুলনায় কিছুটা হ্রাস। ২৩টি অধিবেশনের মোট কোরাম সংকট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট। যার প্রাক্কলিত অর্থমূল্য প্রায় ১৬৩ কোটি ৫৭ লক্ষ ৫৫ হাজার ৩৬৩ টাকা।