
নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয় থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যায় পর্যন্ত কর্মরত বিভিন্ন স্তরের ভূমি কর্মকর্তাদের মধ্যে কার্যকরী যোগাযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আগস্ট মাসের সমন্বয় সভায় ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী একথা বলেন। ভূমি সচিব বলেন, ভূমিমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে মন্ত্রণালয়ের সব পর্যায়ে কর্মরতদের মধ্যে ‘যোগাযোগ’ বাড়ানোর, যেন কোন ‘যোগাযোগ ব্যবধান’ সৃষ্টি না হয়। সবাই যেন মন্ত্রণালয়ের সঙ্গে ‘সহমতে’ থেকে কাজ করতে পারেন। সচিব ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধারণ করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
সমন্বয় সভায় প্রধানমন্ত্রীর পরিদর্শন নির্দেশনা বাস্তবায়ন, ভূমিমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক করণীয় কার্যক্রমসহ শূন্যপদে নিয়োগের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা। সভায় স্থানীয় ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।