
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে সুরে কথা বলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপিও সেই সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উস্কানি দিয়ে যাচ্ছে, সেই একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করছে। আর বিএনপি মিয়ানমারের সুরে কথা বলছে। যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়, নাগরিকত্ব দিতে না হয় সে জন্য মিয়ানমার যে সুরে কথা বলছে বিএনপিও সেই সুরে কথা বলছে।
কাদের বলেন আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের উপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়। প্রথম তো তারা নিতেই চায়নি। তাদের মনে যাই থাক এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাচ্ছে। এটাও আমাদের সফলতা। তিনি আরও বলেন, একটি দলের মহাসচিব গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, বলে চিৎকার করছে। বেপরোয়া চালকের মত এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যার বেসাতি করছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা এখন প্রমাণিত। প্রচলিত আদালতে প্রমাণ হয়েছে, জনতার আদালতে প্রমাণ হচ্ছে। এরা অপরাধের শৃঙ্খলে বন্দি হয়ে যা খুশি তাই বলছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেলিম প্রমুখ।