
নিউজ ডেস্কঃ তালায় পাটক্ষেত থেকে গতকাল সোমবার সন্ধ্যায় শেখ রেজাউল ইসলাম (৪২) নামের এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি অভয়তলা গ্রামের ইয়াকুব শেখের ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কল) মোঃ হুমায়ুন কবির রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, রেজাউল ইসলামের বাহাদুরপুর বাজারে একটি জুতার দোকান আছে। তিনি রবিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে আর বাড়িতে ফেরেননি। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সোমবার সকাল থেকে খোঁজ করতে থাকে। সারাদিন খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় তার লাশ উপজেলার অভয়তলা গ্রামের একটি পাটক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঐ স্থানে তার লাশ ফেলে রাখা হয়েছে। নিহতের চাচাতো ভাই স্থানীয় কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর রহমান জানান, রেজাউল ইসলামের জুয়া খেলার অভ্যাস ছিল। রাতে জুয়া খেলা করার সময় অন্য জুয়াড়িদের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে তাকে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে দিয়ে যেতে পারে।